গাইবান্ধা প্রতিনিধি: নদী ভাঙ্গনে বসতভিটা বিলীন হয়ে যাওয়ায় শেষ আশ্রয়টুকু নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকার লোকজন। তবে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে স্থায়ী তীর রক্ষার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষজন নতুন করে স্বপ্ন বুনছেন।
পাউবো গাইবান্ধা সূত্রে জানা যায়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, গাইবান্ধার অধীনে ফুলছড়ি উপজেলার কাতলামারী এলাকায় যমুনা নদীর ডানতীর বরাবর ৫০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা কাজের দায়িত্ব পায় বগুড়ার ঠিকাদার শাহরিয়ার কনস্ট্রাকশন। যার চুক্তিমূল্য ব্যয় প্রায় ৩১ কোটি ৫২ লক্ষ ৮২ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দারা জানান, আমাদের এখানে সিসি ব্লক তৈরি হচ্ছে নদীর কাজের জন্য। আমরা দেখেছি ঠিকাদার ভালো পাথর বালু দিয়ে কাজ করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাতলামারী নদীর পয়েন্ট কয়েকটি ভাগে ভাগ হয়ে শ্রমিকরা সিসি ব্লক তৈরির কাজ করছে। পরিষ্কার ব্লকের ছাঁচে বালু,পাথর,সিমেন্টের মিশ্রণ দিয়ে ভাইব্রেটর কম্পন দিচ্ছে।
শ্রমিক মঞ্জু মিয়া বলেন, ভালো কাজ করে মনেও প্রশান্তি আসে। অনেক জায়গায় কাজ করেছি কিন্তু এখানে কাজ করে অনেক ভালো লাগছে। মালিক পক্ষের লোকজন অনেক ভালো ব্যবহার করে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, এখানে ভালো কাজ হচ্ছে। সরকার টাকা দিচ্ছে আমরা সরকারের সর্বোচ্চ উন্নয়নের অংশীদার মাত্র। নদী এলাকার মানুষের জন্য যে কাজ সেটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই লক্ষে আমাদের নির্বাহী প্রকৌশলী স্যার, উপ-বিভাগীয় প্রকৌশলী সায়েম স্যার সকলে কাজের প্রতি অনেক সচেতন। তারা সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে আমাদের সহযোগিতা করেন।পাশাপাশি কাজের সর্বোচ্চ মান অক্ষুণ্ণ রাখতে আমাদের সাইট ভিজিটে আসেন।
রিপোর্টার্স২৪/মিতু