রিপোর্টার্স২৪ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে—এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এয়ার ফোর্স ওয়ানে অবস্থানরত অবস্থায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বিস্তারিত বলতে চাই না। শুধু বলতে পারি—হ্যাঁ, কথা হয়েছে।
মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস আগেই জানায়, চলতি মাসের শুরুর দিকে দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠকসহ নানা বিষয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে থাকার সময় এই স্বীকারোক্তি এল। সম্প্রতি ভেনেজুয়েলা ঘিরে একের পর এক কঠোর বক্তব্য দিচ্ছেন ট্রাম্প। শনিবার তিনি বলেন, ভেনেজুয়েলার ওপর এবং আশপাশে আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ বলে বিবেচনা করতে হবে—যদিও এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি। এতে ওয়াশিংটন কারাকাসে সামরিক অভিযান চালাতে যাচ্ছে কি না,তা নিয়ে জল্পনা ছড়ায়।
ভেনেজুয়েলা উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকার বিরুদ্ধে মার্কিন বাহিনীর তৎপরতা কয়েক মাস ধরে জোরদার। কারাকাসের বিরুদ্ধে মাদকপাচারকে সহায়তার অভিযোগ তুলছে মার্কিন প্রশাসন, একই সঙ্গে বাড়ানো হয়েছে সামরিক উপস্থিতিও। এমনকি গোপন সিআইএ অভিযানের অনুমোদনও দিয়েছেন ট্রাম্প।
অন্যদিকে মাদক–সংক্রান্ত অভিযোগ নাকচ করে মাদুরো বলেন, ট্রাম্প তাঁকে ক্ষমতা থেকে উৎখাত করতে চান। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
রিপোর্টার্স২৪/বাবি