রিপোর্টার্স২৪ ডেস্ক: রংপুরের তারাগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর এলাকায় নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ৭৫ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক যোগেশ চন্দ্র রায় এবং তার স্ত্রী ৬০ বছর বয়সী সুবর্ণা রায়।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৭টার দিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা মই ব্যবহার করে বাড়ির ভিতরে প্রবেশ করেন। প্রধান ফটকের চাবি পেয়ে ভেতরে ঢুকে দেখা যায়, ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় বলেন, “আমরা তাদের বাড়ি প্রায় ৪০-৫০ বছর ধরে দেখাশোনা করি। আজ সকাল ৭টা পর্যন্ত কেউ বের হয়নি দেখে সন্দেহ হয়। ঘরে ঢুকে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে।”
নিহত যোগেশ চন্দ্র রায় ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসরে যান। দম্পতির দুই ছেলে রয়েছেন—বড় ছেলে শোভেন চন্দ্র রায় জয়পুরহাটে এবং ছোট ছেলে রাজেশ খান্না চন্দ্র রায় ঢাকায় পুলিশের চাকরিতে নিয়োজিত। বর্তমানে গ্রামের বাড়িতে শুধুই স্বামী-স্ত্রী থাকতেন।
তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। তারাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবু ছাইয়ুম জানান, মৃতদেহ দুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম