রিপোর্টার্স২৪ ডেস্ক: পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জেলার বিভিন্ন স্থানে বইছে কনকনে হিমেল বাতাস, আর টানা তিন দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে স্থির থাকায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। দিন–রাতের তাপমাত্রার বিশাল পার্থক্য মানুষের শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস—সাথে বাতাসে আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। ঘন কুয়াশা না থাকলেও ভোরে হালকা কুয়াশায় চারপাশ আবছা হয়ে ছিল। দুপুর নাগাদ সূর্য দেখা দিলেও রোদের উষ্ণতা শীতকে উপশম করতে পারেনি।
এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। দিন-রাতের এমন বড় তাপমাত্রার ব্যবধানই শীতের প্রভাবকে আরও প্রকট করছে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগও স্পষ্ট। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পথঘাটে দেখা যাচ্ছে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা। তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন, “আজ ঘন কুয়াশা ছিল না, কিন্তু শীত কমেনি—বরং সকাল থেকেই আরও ঠান্ডা লাগছিল।”
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই ঘোরাফেরা করছে। ডিসেম্বরের শুরুতেই এমন পরিস্থিতি দেখা যাওয়ায় সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে তার ধারণা।
রিপোর্টার্স২৪/ঝুম