| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরের হিমেল দাপট

টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কাঁপছে জনজীবন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ১৫, ২০২৫ ইং | ০৪:৩১:২২:পূর্বাহ্ন  |  ৮৮৬২৯৯ বার পঠিত
টানা এক সপ্তাহ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, কাঁপছে জনজীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে জনজীবনে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে ভোরে মাঠে-ঘাটে বের হতে গিয়ে হাড়কাঁপানো শীতে চরম কষ্টে পড়ছেন তারা।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। কুয়াশা তেমন না থাকলেও সূর্যের উষ্ণতা খুব একটা অনুভূত হয়নি।

এর আগের দিন রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় একই কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালেও তাপমাত্রা একই মাত্রায়, অর্থাৎ ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)। সেদিন তেঁতুলিয়ায় পারদ নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে, রোববার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ১১ ডিসেম্বর থেকে এলাকাটিতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড় জেলাতেই রেকর্ড হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, ফলে শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪