ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুতের অভিযোগে এক কীটনাশক ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি গুদাম থেকে ৭৬৬ বস্তা সার জব্দ করে গুদাম দুটি সিলগালা করা হয়েছে।
রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী বাজারের পেছনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলাম। অভিযানে কীটনাশক ব্যবসায়ী আব্দুল্লাহর দুটি গুদামে অবৈধভাবে মজুত রাখা বিপুল পরিমাণ রাসায়নিক সার পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল্লাহকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা ৭৬৬ বস্তা সার গুদামে রেখে সিলগালা করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত সার জব্দ করা হয়েছে। জব্দকৃত সার কিছুদিন পর কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে উন্মুক্ত বাজারে বিক্রি করা হবে। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
রিপোর্টার্স২৪/এসএন