স্টাফ রিপোর্টার: বিগত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চের তিন শীর্ষ নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক সমর্থন পেতে যাচ্ছেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে জোরালো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক বৈঠক শেষে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলাপকালে এ আভাস পাওয়া যায়।
গণতন্ত্র মঞ্চের একাধিক প্রভাবশালী নেতা জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমন প্রত্যাশা তৈরি হয়েছে।
জানা গেছে, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে ঢাকা-১২ এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি তাকে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে। তিনি বলেন, ‘বিএনপির শীর্ষ পর্যায় থেকে আমাদের দলের নেতাদের সঙ্গে আলোচনা করে আসন ছাড় দেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত জানানো হয়েছে।
একই সুরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে আমাকে ঢাকা-১২ আসন থেকে মনোনয়নের কথা জানানো হয়েছে। আমরা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি।
তিনি আরও বলেন, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের বিষয়ে বিএনপি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। আমরা মঞ্চের ভেতরে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।
তবে এ বিষয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপি আসন বণ্টন নিয়ে আরেক জোটসঙ্গী ১২ দলীয় জোটের সঙ্গেও বৈঠক করে।
রিপোর্টার্স২৪/এসসি