| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ১০টি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২২, ২০২৫ ইং | ১৩:৫৯:৩৯:অপরাহ্ন  |  ৮৪৮৭০০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ১০টি মোটরসাইকেল পোড়ানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ, ব্যাপক মারধর এবং মোটরসাইকেল অগ্নিসংযোগের ঘটনায় মো. মোতালেব হোসেন (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি হরিপুর উপজেলার ৩ নম্বর বন্ধুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। গত রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে হরিপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, গত বছরের ৪ আগস্ট রাজধানী ঢাকাসহ সারা দেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে হরিপুরের বটতলী বাজার থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি ঘটনাস্থলে পৌঁছামাত্রই মো. মোতালেব হোসেনসহ এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা ককটেল, পেট্রোল বোমা, রামদা ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের সামনে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনার ব্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে আন্দোলনকারীদের ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। পাশাপাশি ইট-পাটকেল ছুড়ে ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালানো হয়।

এতে আন্দোলনকারী ও সাধারণ ছাত্র-জনতা গুরুতর আহত হন। অনেকের মাথা, বুক, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ সময় ঘটনাস্থলের পাশে থাকা পথচারীদের ব্যবহৃত ১০টি মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে এলাকাবাসী ও আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা অস্ত্র উঁচিয়ে ঘটনাস্থল ত্যাগ করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

এ ঘটনায় হরিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর গত রোববার রাতে হরিপুর বহরমপুর বাজার এলাকা থেকে মো. মোতালেব হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখা হয়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করেন, আসামি জামিন পেলে ঝটিকা মিছিল, সরকারি সম্পত্তি ও জানমালের ক্ষতির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪