ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় দায়ের করা গরু চুরির মামলায় আন্তঃজেলা গরু চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. রবিউল আলম (২৬)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াডাঙ্গী ফুলতলা গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের আসাননগর মুন্সি মার্কেট এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে চোর সন্দেহে আটক করে। পরে খবর পেয়ে রুহিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর রাতে রুহিয়া থানা এলাকার এক ব্যক্তির বসতবাড়ির গোয়ালঘরের ইটের দেয়াল ভেঙে চারটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন ২৫ নভেম্বর ভুক্তভোগী রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং–৫)।
মামলার তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসাননগর মুন্সি মার্কেট এলাকায় এক যুবককে আটক করে মারধর করা হচ্ছে।
রুহিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোবাইদুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল আলম গরু চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি আরও জানান, রবিউল ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকার গোয়ালঘর টার্গেট করে চুরি করতেন। পরে চোরাই গরুগুলো বিভিন্ন জেলার হাটে বিক্রি করে অর্থ ভাগাভাগি করা হতো।
রিপোর্টার্স২৪/এসএন