সিনিয়র রিপোর্টার: ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছে, তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
এর আগে, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন নিশ্চিত করেছেন, ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বাতিল ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিলের মূল কারণ হিসেবে বলা হয়েছে, প্রস্তাবক ও সমর্থক হিসেবে নাম দেওয়া ১০ জনের মধ্যে দুজন ভোটার ওই আসনের নন। জাতীয় নির্বাচনের নিয়ম অনুযায়ী, এটি মনোনয়নপত্র বাতিলের কারণ হিসেবে গণ্য হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে।
তাসনিম জারা বলেছেন, আমরা প্রয়োজনীয় স্বাক্ষরের তুলনায় বেশি ভোটারের স্বাক্ষর দিয়েছি। ১০ জন যাচাই করা হলে ৮ জনের তথ্য সঠিক ছিল, কিন্তু ২ জনের ভোটার এলাকা নির্বাচনি তথ্য অনুযায়ী ভুল ধরা হয়েছে। তারা জানতেন, তারা ঢাকা-৯-এর ভোটার এবং স্বাক্ষর দিয়েছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ অনুযায়ী এই দুজনকে অন্য আসনের ভোটার দেখানো হয়েছে, যা আমাদের জানা ছিল না। তাই আপিলের মাধ্যমে এই ভুল ঠিক করব।
তাসনিম জারা গত ২৯ ডিসেম্বর সবুজবাগ থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী। পদত্যাগের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার প্রার্থীতা ঘোষণা করা হয় এবং মাত্র দেড় দিনে পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা হয়।
তার স্বামী খালেদ সাইফুল্লাহ জানান, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর থাকা প্রয়োজন ছিল, যা তাসনিম জারা পূরণ করেছেন। তবে তথ্য যাচাই প্রক্রিয়ায় দেখা গেছে, দুজন ভোটারের তথ্যে মিল নেই। এই ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তাসনিম জারা ও তার স্বামী আপিল প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছেন এবং প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশনের কাছে আপিল করবেন।
রিপোর্টার্স২৪/এসসি