| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভেনেজুয়েলায় ঢুকতে পারলে বিশ্বের ৫৫ শতাংশ তেল নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১০, ২০২৬ ইং | ২১:২২:০৭:অপরাহ্ন  |  28902 বার পঠিত
ভেনেজুয়েলায় ঢুকতে পারলে বিশ্বের ৫৫ শতাংশ তেল নিয়ন্ত্রণ সম্ভব: ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার তেলশিল্পে আবার মার্কিন কোম্পানিগুলো প্রবেশের সুযোগ পেলে যুক্তরাষ্ট্র বিশ্বের মোট তেল উৎপাদনের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণ করতে পারবে।

বিশ্বের সর্বাধিক তেলের মজুত রয়েছে ভেনেজুয়েলায়। তবে ২০০০–এর দশকে সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট হুগো চাভেজের শাসনামলে দেশটি মার্কিন কোম্পানিগুলোর তেলসম্পদ জাতীয়করণ করে। ট্রাম্প এই জাতীয়করণকে ‘অন্যায্য’ আখ্যা দিয়ে ভেনেজুয়েলার অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে এক্সনমোবিল, শেভরন ও কনোকোফিলিপসসহ বড় তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি জানান, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠন করবে এবং তেল উৎপাদন এমন পর্যায়ে নেওয়া হবে, যা আগে কখনো দেখা যায়নি।

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার তেল একত্র হলে বিশ্বের প্রায় ৫৫ শতাংশ তেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসবে। বৈঠক শেষে তিনি ঘোষণা দেন, মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল খাতে অন্তত ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

তবে এক্সনমোবিলের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যারেন উডস বলেন, ভেনেজুয়েলার জ্বালানি খাতের আইন ও কাঠামোতে মৌলিক পরিবর্তন না এলে সেখানে বিনিয়োগ সম্ভব নয়।

এদিকে ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে মার্কিন কোম্পানিগুলোকে দেশটির তেল খাতে প্রবেশের অনুমতি দেয়নি। তবে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রসহ সব পক্ষের সঙ্গে জ্বালানি প্রকল্পে কাজ করতে তাঁরা আগ্রহী।

অন্যদিকে ভেনেজুয়েলার বেশ কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের এই উদ্যোগকে দেশের সম্পদ ‘লুটের চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হাতে মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নেওয়ার ঘটনাকে তাঁরা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন।

গত সোমবার মার্কিন আদালতে হাজির হয়ে নিকোলা মাদুরো তাঁর বিরুদ্ধে আনা মাদক পাচার ও অস্ত্রসংক্রান্ত সব অভিযোগ অস্বীকার করেন। সূত্র: আরটি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪