ক্রীড়া প্রতিবেদক: নিরাপত্তা ইস্যুতে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ইস্যুতে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মন্তব্য করলে তাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির প্রধান ও পরিচালক নাজমুল ইসলাম। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে ‘ভারতের দালাল’ বলে আখ্যা দেন, যা নিয়ে ক্রিকেট অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
এবার সেই মন্তব্যের জেরে বিসিবির পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শাতে বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
শনিবার সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পরিচালককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বুলবুল বলেন,তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্যটি করেছেন। আমরা তাকে একটি রিজয়েন্ডার দিতে বলেছি। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন সাবেক অধিনায়ক হিসেবে তামিম ইকবাল যে অবদান রেখেছেন, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের আরও চিন্তাভাবনা করা এবং সম্মান দেখানো উচিত।
‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ হিসেবে ধরা যায় কি না এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি স্পষ্টভাবে বলেন,‘হ্যাঁ।’
তিনি আরও জানান, বিষয়টি এখানেই শেষ নয়। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে পারে এমন বোর্ড সভায় এই ইস্যুতে খোলামেলা আলোচনা হবে।
বুলবুল বলেন,তিনি নিজেও একজন বোর্ড পরিচালক। আমাদের বোর্ড মিটিং রয়েছে। সেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
উল্লেখ্য, তামিম ইকবাল সম্প্রতি নিরাপত্তা বিবেচনায় ভারতে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে বিসিবির আরও গভীরভাবে ভাবা উচিত বলে মত দেন। সেই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবির এক পরিচালকের এমন বক্তব্যকে অনেকেই শিষ্টাচারবহির্ভূত ও দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করছেন।
রিপোর্টার্স২৪/এসসি