| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত, ১০ ডিগ্রিতে বিপর্যস্ত জনজীবন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১২, ২০২৬ ইং | ০৯:৩২:৪৪:পূর্বাহ্ন  |  ৭৩৪৭৭৭ বার পঠিত
কুড়িগ্রামে হাড় কাঁপানো শীত, ১০ ডিগ্রিতে বিপর্যস্ত জনজীবন

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুড়িগ্রামে শীতের তীব্রতা দিন দিন বাড়তে থাকায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিললেও তা পর্যাপ্ত উষ্ণতা দিতে পারছে না। ফলে শীত ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।

কুয়াশা ও প্রচণ্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কৃষি শ্রমিক ও দিনমজুর শ্রেণির মানুষ। ভোরের দিকে কাজে বের হতে না পারায় তাদের আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ঠান্ডাজনিত রোগীর ভিড় বাড়ছে। চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ এলাকার বাসিন্দা খলিল মিয়া বলেন, আমার ছেলের কয়েক দিন ধরে ডায়রিয়া। ঠান্ডার কারণে সমস্যা বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অন্যদিকে, জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হতে বাধ্য হচ্ছেন অনেকেই। কুড়িগ্রাম পৌর শহরের কলেজপাড়া এলাকার হোটেল শ্রমিক জাহিদ মিয়া বলেন, সকালে এমন ঠান্ডা থাকে যে ঘর থেকে বের হওয়া যায় না। কিন্তু কাজ না করলে সংসার চলবে না।

কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, জেলায় শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং সবাইকে ঠান্ডা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা, এনজিও এবং ব্যক্তি পর্যায়ে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, সোমবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪