রিপোর্টার্স২৪ ডেস্ক: হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে দেশের সর্বোত্তর জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কনকনে শীতের তীব্রতা বাড়ছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার।
এর আগে সোমবার (১২ জানুয়ারি) দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতা ও ঘন কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে বহু মানুষ। তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, হিমেল বাতাস ও কনকনে ঠান্ডার কারণে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম