স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও, নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের অবস্থান থেকে সরে আসেনি বিসিবি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আইসিসি ও বিসিবির মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে বিসিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়বস্তু নিশ্চিত করা হয়।
বৈঠকে আইসিসির পক্ষ থেকে বলা হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হয়েছে। এই অবস্থায় টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে ভেন্যু বা সূচিতে পরিবর্তন আনা লজিস্টিক ও ব্যবস্থাপনাগতভাবে অত্যন্ত জটিল। সে কারণে বাংলাদেশকে ভারতে গিয়ে খেলার সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ জানায় আইসিসি।
তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের মাটিতে খেলা বাংলাদেশের জন্য সম্ভব নয়। ক্রিকেটার, কোচিং স্টাফ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার নিরাপত্তাই বিসিবির কাছে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানানো হয়।
একই সঙ্গে বিসিবি আবারও দাবি জানায়, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করার জন্য। বোর্ডের মতে, এতে করে টুর্নামেন্টের অংশগ্রহণও নিশ্চিত হবে এবং খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকিও এড়ানো সম্ভব হবে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা আগেও এই প্রস্তাব দিয়েছে এবং আইসিসিকে পুনরায় বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ভিডিও কনফারেন্সে বিসিবির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল। বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। এছাড়া ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীও সভায় অংশগ্রহণ করেন।
বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এখন আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর ক্রিকেটবিশ্বের।
রিপোর্টার্স২৪/এসসি