স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে অনিশ্চয়তা দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা তুলে ধরে ভারতের বাইরে নিজেদের ম্যাচ আয়োজনের দাবিতে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি এখনো ভারতকেই মূল ভেন্যু হিসেবে ধরে রাখতে আগ্রহী। এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় আসে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা, যা শেষ পর্যন্ত নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ড।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। যেহেতু টুর্নামেন্টের একটি অংশ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে, তাই বাংলাদেশের ম্যাচগুলো সেখানে সরিয়ে নেওয়ার বিকল্প হিসেবে গ্রুপ অদলবদলের আলোচনা শুরু হয়। সেই সূত্রে শ্রীলঙ্কায় গ্রুপপর্বের ম্যাচ থাকা আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের গুঞ্জন ছড়ায়। অর্থাৎ, বাংলাদেশ চলে যেতে পারে ‘সি’ গ্রুপে, আর আয়ারল্যান্ড খেলতে পারে ‘বি’ গ্রুপে। কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)।
বিশ্বকাপ সংক্রান্ত নানা ইস্যুতে গতকাল (শনিবার) ঢাকায় আইসিসি ও বিসিবির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক বিবৃতিতে বিসিবি জানায়, আলোচনা ছিল সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত। সেখানে নিরাপত্তা ও লজিস্টিক জটিলতা কমানোর লক্ষ্যে বাংলাদেশের জন্য বিকল্প গ্রুপের বিষয়টিও আলোচনায় আসে। বিবৃতিতে বলা হয়, “লজিস্টিক ও আয়োজন-সংক্রান্ত পরিবর্তন যতটা সম্ভব সীমিত রাখার স্বার্থে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা বিবেচনা করা হয়েছে।”
তবে এই আলোচনার পরপরই ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়ে দেয়, তাদের ক্ষেত্রে গ্রুপ পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসির সঙ্গে সরাসরি যোগাযোগের বরাত দিয়ে ক্রিকবাজকে সিআই-এর এক মুখপাত্র বলেন, আমাদের নির্ধারিত সূচিতে কোনো পরিবর্তন আসছে না এমন স্পষ্ট নিশ্চয়তা আমরা পেয়েছি। আমরা নিশ্চিতভাবে শ্রীলঙ্কাতেই গ্রুপপর্বের ম্যাচগুলো খেলব।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, আয়ারল্যান্ডের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার ভেন্যুতে। গ্রুপ ‘সি’-তে স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি যাদের মধ্যে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।
গ্রুপ পরিবর্তনের পাশাপাশি বিসিবি বৈঠকে জোরালোভাবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি তুলে ধরে। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগও আইসিসির সামনে উপস্থাপন করা হয়। খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। যদিও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তবে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে।
এই অচলাবস্থা নিরসনে কয়েক সপ্তাহের আলোচনার পর সরাসরি বৈঠকের জন্য ঢাকায় আসেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। তার সঙ্গে আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে ঢাকায় পৌঁছাতে পারেননি ইভেন্ট অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের জেনারেল ম্যানেজার গৌরভ সাক্সেনা; তিনি ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হন। বিসিবির পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।
রিপোর্টার্স২৪/ঝুম