| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:১২:৪০:পূর্বাহ্ন  |  ১১১২০৯৩ বার পঠিত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে ভিন্ন একটি গ্রুপে স্থানান্তরের মাধ্যমে তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি আলোচনায় আনা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি পাঁচতারকা হোটেলে আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে বিসিবির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ে বাংলাদেশে আসতে না পারলেও আইসিসির ভারতীয় প্রতিনিধি গৌরব সাক্সেনা ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন। বৈঠকে বিসিবির পূর্বের অবস্থান ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগগুলো আবারও তুলে ধরা হয়।

বৈঠকের মূল লক্ষ্য ছিল, ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকা বাংলাদেশের অবস্থানের মধ্যেই কীভাবে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সে বিষয়ে সমাধান খোঁজা। বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে—ভারতে গিয়ে ম্যাচ খেলার সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। তবে আলোচনায় বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়েছে।

বিসিবির প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশকে বি গ্রুপে স্থানান্তর করা হলে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে খেলতে হবে। এই গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, যা লজিস্টিক ও নিরাপত্তাজনিত দিক থেকে তুলনামূলক সহজ সমাধান বলে মনে করছে বিসিবি।

আইসিসির দুর্নীতি দমন বিভাগের অন্তর্বর্তীকালীন মহাব্যবস্থাপক অ্যান্ড্রু এফগ্রেভ শনিবার ভোরে ঢাকায় পৌঁছান এবং বৈঠকে সরাসরি অংশ নেন। তিনি এর আগে আইসিসির একই বিভাগের অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, আইসিসির জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশন্স) গৌরব সাক্সেনা ভিসা পেতে দেরি হওয়ায় অনলাইনে যুক্ত হন।

বৈঠক শেষে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ড আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সব পক্ষের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও আইসিসির সামনে উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষ খোলামেলাভাবে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে সমাধান সহজ করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

বিসিবির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বিসিবি জানিয়েছে, উভয় পক্ষই আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে এবং একটি ইতিবাচক সমাধানে পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছে। ধারণা করা হচ্ছে, আইসিসির প্রতিনিধি দল সফর শেষে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।

উল্লেখ্য, উগ্রবাদীদের চাপে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। এরই ধারাবাহিকতায় ভারতীয় ভেন্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি নয় বাংলাদেশ। তবে সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের বিষয়ে বিসিবি অনড় অবস্থানে রয়েছে। অন্যদিকে, আইসিসিও চায় বাংলাদেশ যেন বিশ্বকাপে অংশ নেয় এবং সে লক্ষ্যেই আলোচনা অব্যাহত রেখেছে।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪