| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যান্ত্রিক ত্রুটিতে অচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৯, ২০২৬ ইং | ০২:২৬:৪৩:পূর্বাহ্ন  |  ৬৭৯৮৮৯ বার পঠিত
যান্ত্রিক ত্রুটিতে অচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

দিনাজপুর প্রতিনিধি: যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে সরবরাহ হওয়া বিদ্যুৎ একেবারেই বন্ধ রয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টা ১৫ মিনিটে কেন্দ্রটির ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বয়লারের একটি টিউব ফেটে গেলে হঠাৎ করেই উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই একযোগে অচল অবস্থায় পড়ে।

এর আগে কেন্দ্রটির ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি দীর্ঘ চার বছরের বেশি সময় ধরে—২০২০ সালের নভেম্বর মাস থেকেই উৎপাদনের বাইরে রয়েছে। প্রথম ইউনিটটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১৪ জানুয়ারি পুনরায় চালু করা হলেও মাত্র চার দিনের মাথায় আবার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে ইউনিটটি তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। বয়লার সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করে মেরামত কাজ শুরু করা হবে। তবে ইউনিটটি পুনরায় চালু করতে কতদিন সময় লাগবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তিনি জানান, পুরোনো যন্ত্রপাতির কারণে মেরামত প্রক্রিয়া সময়সাপেক্ষ হতে পারে।

এদিকে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত তৃতীয় ইউনিটটির বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ পাওয়া গেলে আগামী মার্চ মাস নাগাদ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে পারে।

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই কারিগরি সমস্যা, পুরোনো যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সংকটের কারণে বারবার উৎপাদন বন্ধের মুখে পড়ছে। এতে উত্তরাঞ্চলসহ জাতীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪