ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ঠাকুরগাঁও-২ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও ঢাকা কলেজের সাবেক ভিপি এবং সাবেক সংসদ সদস্য জুলফিকার মর্তুজা চৌধুরী তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এতে ওই আসনে প্রার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাতজনে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে মোট ২০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। প্রত্যাহার শেষে বর্তমানে তিন আসনে মোট ১৯ জন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তাঁরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত মনোনীত প্রার্থী ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁও-২ আসনে সাতজন প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. আব্দুস সালাম, জামায়াত মনোনীত মাওলানা আব্দুল হাকিম, জাতীয় পার্টির নূরুন নাহার বেগম, গণঅধিকার পরিষদের ফারুক আহম্মদ, এবি পার্টির মো. নাহিদ রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রেজাউল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. সাহাবুদ্দিন আহমেদ।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে সর্বাধিক নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে রয়েছেন বিএনপি মনোনীত ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণঅধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, মুসলিম লীগের খলিলুর রহমান এবং জাতীয় পার্টি মনোনীত ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/বাবি