কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ঘুষ নিয়ে খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মিজানুর রহমান ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার আব্দুর রাজ্জাকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।
গতকাল দুপুর আড়াইটার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার। আবু হাসনাত মো. মিজানুর রহমান রৌমারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। মারামারির বিষয়ে এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।
এ বিষয়ে ডিলার আব্দুর রাজ্জাক জানান, লেনদেন নিয়ে তার সঙ্গে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে বিষয়টি ইউএনও স্যার মীমাংসা করে দেবেন বলে জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত বলেন, টিসিবি কার্যক্রমের চালের ডিও নিয়ে ওই যুবদল নেতা ও খাদ্যবান্ধবের ডিলার উত্তেজিত হয়ে আমাকে মারধর করেন। এ বিষয়ে ইউএনও স্যারকে অবগত করেছি এবং তার পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন বলেন, বিষয়টি আমি জেনেছি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক থানায় লিখিত অভিযোগ দেবে শুনেছি। অভিযোগ দিলে থানা থেকে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
রিপোর্টার্স২৪/ঝুম