| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লালমনিরহাটে বিএনপি ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৫, ২০২৬ ইং | ২১:২৯:৪২:অপরাহ্ন  |  ৬৩২৬৪৪ বার পঠিত
লালমনিরহাটে  বিএনপি ও জামায়াতের রক্তক্ষয়ী সংঘর্ষ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। অপরদিকে একই আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের পৃথক গণসংযোগ চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়, যা একপর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, এখন পর্যন্ত কী বিষয় নিয়ে সংঘর্ষ হয়েছে তা আমি জানি না। কতজন আহত হয়েছেন সেটাও নিশ্চিত নই। আপনারা ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করুন।

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রচারণাকালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু এটি নির্বাচন আচরণবিধির আওতাভুক্ত বিষয়, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪