ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ভয় পাওয়ার কিছু নেই। এ দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি নাগরিক। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কারভাবে বলেছেন, এ দেশে সবার অধিকার সমান। সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ি বিডি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, "আপনারা চুপ করে থাকেন কেন? কিসের ভয় পান? ভয় পাবেন না, বুক সোজা করে দাঁড়াবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। বিএনপি সবার অধিকার রক্ষা করবে, মা-বোনদের নিরাপত্তা দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের কোনো অনিশ্চয়তায় পড়তে হবে না।"
ফখরুল বলেন, "আগে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। এখন সেই নৌকাও নেই, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আপনাদের ফেলে ভারতে চলে গেছেন। তিনি এখন দিল্লিতে বসে আছেন। তিনি দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা থাকত।"
৭১-এর বিরোধিতাকারীদের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, "যারা পাকিস্তানের হয়ে আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছে, যারা এই দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা আজ ভোট চাচ্ছে। তাদের হাতে ভোট দিয়ে কি আমরা দেশের সর্বনাশ করব? ১৯৭১ সাল আমাদের অস্তিত্ব, এই গৌরবকে আমরা সব সময় মাথা উঁচু করে রাখতে চাই।"
ব্যক্তিগত আবেগ জড়িয়ে মির্জা ফখরুল ভোটারদের উদ্দেশে বলেন, "রাজনীতিকে আমরা ব্যবসা মনে করি না। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। নিজের পৈতৃক জমি-বাড়ি বিক্রি করে রাজনীতি করেছি, নতুন করে কিছু করিনি। এবার আমি আপনাদের কাছে শেষবারের মতো আসছি। এটিই আমার শেষ নির্বাচন। আমাকে একটি সুযোগ দিন, যাতে আপনাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমরা দেশের কল্যাণ করতে পারি।"
গণসংযোগ শেষে বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে সড়কপথে সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
রিপোর্টার্স২৪/এসএন