রংপুর প্রতিনিধি: দীর্ঘ দুই দশক পর রংপুরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাঢ়ে ৪টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সভাস্থলে নেতাকর্মীরা দলীয় পতাকা ও ক্যাপ নিয়ে হাজির হয়েছেন। সবচেয়ে চোখে পড়ার মতো ঘটনা ছিল আব্দুল কাদের মণ্ডলের উপস্থিতি, যিনি পুরো শরীরে সাড়ে ২০ কেজি ধানের শীষ জড়িয়ে এসেছেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা থেকে আগত কাদের জানিয়েছেন, তারেক রহমানকে সরাসরি দেখতে এবং বক্তব্য শুনতেই তিনি ভোর থেকে মাঠে এসেছেন।
তিনি বলেন, “এবারই প্রথম তারেক রহমানকে সামনাসামনি দেখব। আগে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় দেখেছি।”
আব্দুল কাদেরের মতো আরও কয়েকজন সমর্থকও বিভিন্নভাবে ধানের শীষ সাজিয়ে সভাস্থলে হাজির হয়েছেন। এমন ব্যতিক্রমী উপস্থিতি দর্শকদের দৃষ্টি কাড়ছে।
বিএনপি সূত্রে জানা গেছে, রংপুরের জনসভা ও স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস নেতৃত্বের প্রতি সমর্থন এবং নির্বাচনী উৎসবের প্রতিফলন। এদিন তারেক রহমান সভাস্থলে যাওয়ার আগে পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। সভা শেষে তিনি রাতেই বগুড়ায় ফিরবেন এবং পরদিন সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নির্বাচনী প্রচারণা চালাবেন।
নিরাপত্তার কারণে রংপুর মেট্রোপলিটন পুলিশ সভাস্থল ও নগরের বিভিন্ন প্রবেশপথে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
রিপোর্টার্স২৪/আয়েশা