| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা দিচ্ছি বাস্তব সহায়তা, ওরা দেয় বেহেশতের টিকিট: দুলু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ০৯:৫০:৩২:পূর্বাহ্ন  |  ৫৬৯৫৫৭ বার পঠিত
আমরা দিচ্ছি বাস্তব সহায়তা, ওরা দেয় বেহেশতের টিকিট: দুলু

কুড়িগ্রাম প্রতিনিধি: কৃষকদের জন্য সার ও কীটনাশক এবং সাধারণ মানুষের জন্য বাস্তবমুখী সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমরা দিলাম ছোট ছোট জিনিস—কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। আর ওরা দেয় বেহেশতের টিকিট। ওটা কি আমরা দিতে পারব?

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রামের রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুড়িগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবারের মায়েদের জন্য মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে সরাসরি সহায়তা দেওয়া হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান-মেম্বারদের দ্বারে দ্বারে যেতে হবে না। ভোটার আইডি কার্ডের মতো ধাপে ধাপে সরকারের পক্ষ থেকে সবার হাতে প্রয়োজনীয় কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো ধরনের হয়রানি বা অনিয়ম না হয়।

কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের কৃষক ভাইয়েরা সার ও কীটনাশকের জন্য যেন আর ভোগান্তিতে না পড়েন, সে ব্যবস্থা করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে তারা সরাসরি এই সুবিধা পাবেন। বক্তব্যের একপর্যায়ে তিনি হাতে নমুনা কার্ড তুলে ধরে বলেন, দেখেন, আমরা তো বাস্তবের ছোট ছোট জিনিস দিচ্ছি। আর ওরা মানুষকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট দেয়। বেহেশতের মালিক কে? এ সময় জনসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকেরা একযোগে ‘আল্লাহ’ বলে স্লোগান দেন।

দুলু আরও বলেন, বিএনপি মানুষের জীবনমান উন্নয়নে বাস্তব কর্মসূচিতে বিশ্বাস করে। মানুষের ভোট আদায়ের জন্য ধর্ম বা আবেগকে পুঁজি করে প্রতারণা করার রাজনীতি বিএনপি করে না। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল অলৌকিক প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চায়, অথচ জনগণের বাস্তব সমস্যা সমাধানে তাদের কোনো পরিকল্পনা নেই।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির একাধিক শীর্ষ নেতা বক্তব্য রাখেন এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে বিএনপির ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে কুড়িগ্রামসহ দেশের পিছিয়ে পড়া অঞ্চলগুলো নতুন করে এগিয়ে যাবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪