ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, নতুন একটি ভূখণ্ড দিয়েছে এবং আমাদের সন্তানদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ার সুযোগ সৃষ্টি করেছে। এই অর্জন আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ডে বিএনপির আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে একটা গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়।
একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বকেই অস্বীকার করব। এজন্যই আমি সবসময় জোর গলায় বলি—১৯৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব। এটাকে নিয়েই আমাকে এগোতে হবে।” তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান—সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে স্বাধীনতা যুদ্ধ করেছিলেন। কিন্তু এখন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে এবং মিথ্যা প্রচারণা ছড়ানো হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন পাঁচ বছর পর একবারই আসে। ভোটকে আমরা পবিত্র আমানত বলি। এই আমানত সঠিকভাবে রক্ষা করবে এমন ব্যক্তিকে ভোট দিতে হবে। নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিন। কারণ ভোটের সময় বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করা হয়। আপনার কাছের লোকজনও ভুল বোঝাতে পারে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁওতেও এ ধরনের কাজ হয়েছে।” তিনি ভোটারদের সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
রিপোর্টার্স২৪/সাইফ