স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটারদের মানসিক ও অর্থনৈতিক চাঙ্গা রাখার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি টুর্নামেন্ট আয়োজন করছে। নামকরণ করা হয়েছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬’। টুর্নামেন্ট আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি ফাইনাল পর্যন্ত চলবে।
টুর্নামেন্টে ৩টি দল অংশগ্রহণ করবে—ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ এবং দুরন্ত একাদশ। প্রতিযোগিতার মোট প্রাইজমানি রাখা হয়েছে আড়াই কোটি টাকা।
ধূমকেতু একাদশের নেতৃত্ব দেবেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। হেড কোচের দায়িত্বে থাকবেন জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দীন, এবং ডেপুটি হিসেবে কাজ করবেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।
দুর্বার একাদশের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত, প্রধান কোচ মিজানুর রহমান বাবুল, সহকারী কোচ তুষার ইমরান। দুরন্ত একাদশের নেতৃত্ব দেবেন আকবর আলী, হেড কোচ হান্নান সরকার এবং সহকারী কোচ রাজিন সালেহ।
টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগ ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর শীর্ষ দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। সবকটি খেলা অনুষ্ঠিত হবে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
ম্যাচের সঙ্গে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকেল ৪টা থেকে অনুষ্ঠান, এবং সন্ধ্যা ৬টা থেকে খেলা শুরু হবে।
বিসিবি টিকিট মূল্যও নির্ধারণ করেছে—পূর্ব দিকের গ্যালারির টিকিট ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ২০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের প্রবেশ মূল্য ১০০০ টাকা।
এই টুর্নামেন্টের মাধ্যমে জাতীয় তারকাদের খেলার অনুশীলন বজায় রাখা, দর্শকদের জন্য বিনোদন নিশ্চিত করা এবং দেশের ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে।