বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী শহীদ প্যাদা ওরফে ‘গলাকাটা শহিদ’-সহ পাঁচজনকে আটক করা হয়েছে। অভিযানে অস্ত্র, মাদক, বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট, নগদ অর্থ ও ইলেকট্রনিক্স সামগ্রী জব্দ করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর রাত সাড়ে ৩টা থেকে বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের চর উত্তর ভুতেরদিয়া গ্রামে দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, বরিশাল ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ফয়সল হকের নেতৃত্বে গৌরনদী ও আগৈলঝাড়া আর্মি ক্যাম্পের সদস্যদের সমন্বয়ে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে জানায় সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/বাবি