স্পোর্টস ডেস্ক: দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা যোগ করতে শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটারদের অংশগ্রহণে তিন দলের লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা। টুর্নামেন্টটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে দেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও হোম কেয়ার পণ্যের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড।
রিমার্ক এইচবি লিমিটেডের অধীনে রয়েছে লিলি, অরিক্স, নিওর, টাইলক্স, সানবিট, সিওডিলসহ দেশি-বিদেশি মানসম্পন্ন একাধিক জনপ্রিয় ব্র্যান্ড। ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক দীর্ঘদিন ধরেই খেলাধুলা, তরুণ সমাজ এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছে। সেই ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে ক্রিকেটের উন্নয়ন ও তারুণ্যের শক্তিকে উৎসাহিত করার প্রত্যয় ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের মতে, ‘অদম্য বাংলাদেশ’ টুর্নামেন্টে অংশ নেওয়া দল ও ক্রিকেটারদের পারফরম্যান্স ঘিরে দর্শকদের মধ্যে এরইমধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি পুরো আয়োজনজুড়ে উৎসবমুখর পরিবেশ থাকবে বলে আশা করা হচ্ছে। মাঠ ও অফিসিয়াল ব্যানারে রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের দৃশ্যমান ব্র্যান্ডিং টুর্নামেন্টের সৌন্দর্য ও গ্রহণযোগ্যতা আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৫ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ৯ ফেব্রুয়ারি। এতে লিটন দাসের নেতৃত্বে ধূমকেতু একাদশ, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে দুর্বার একাদশ এবং আকবর আলীর নেতৃত্বে দুরন্ত একাদশ অংশ নিচ্ছে। টুর্নামেন্টকে সামনে রেখে দলগুলো ইতোমধ্যে নিয়মিত অনুশীলনে ব্যস্ত সময় পার করছে।
লিগ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ১ কোটি টাকা প্রাইজমানি। আয়োজকদের তথ্যমতে, এই অর্থ ভাগ করে একজন ক্রিকেটারের গড় আয় দাঁড়াতে পারে প্রায় ৫ লাখ টাকা এবং ম্যাচ ফি ও অন্যান্য সুযোগ মিলিয়ে একজন খেলোয়াড়ের মোট আয় হতে পারে অন্তত ৭ লাখ টাকা।
সূচি অনুযায়ী, প্রথম দিন ধূমকেতু একাদশের মুখোমুখি হবে আকবর আলীর দুরন্ত একাদশ। ৬ ফেব্রুয়ারি ধূমকেতুর প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর দুর্বার একাদশ। ৭ ফেব্রুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুর্বার ও দুরন্ত একাদশ। আর ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ক্রিকেটপ্রেমী শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। টুর্নামেন্টের সব ম্যাচ মাঠে বসে বিনামূল্যে উপভোগ করতে পারবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ক্লাব হাউজ গ্যালারিতে এই সুবিধা দেওয়া হবে। তবে বিনামূল্যে খেলা দেখতে শিক্ষার্থীদের অবশ্যই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম বা আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রিপোর্টার্স২৪/বাবি