কুড়িগ্রাম প্রতিনিধি: ‘জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসন ও সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে কলেজ মোড়স্থ সরকারি লাইব্রেরি মিলনায়তনে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক রিমি আক্তার এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।
এ সময় বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। একটি শিক্ষিত, সচেতন ও প্রগতিশীল সমাজ বিনির্মাণে নিয়মিত বই পড়ার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পাঠাভ্যাসে উদ্বুদ্ধ করতে গ্রন্থাগারকে আরও আধুনিক ও পাঠকবান্ধব করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ লেখক ও পাঠকরা উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/এসএন