| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর এজেন্ট হিসেবে কাজ করছে: বাবুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২০:০৪:৪৬:অপরাহ্ন  |  ১৪৯২১৯১ বার পঠিত
স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর এজেন্ট হিসেবে কাজ করছে: বাবুল

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের প্রার্থী স্থপতি মুজাহিদ বেগকে আওয়ামী লীগ আমলের সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর দোসর ও এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল। তিনি বলেন, কালো টাকার ব্যবহার, মিথ্যা অপপ্রচার ও পরিকল্পিত বিভ্রান্তি ছড়িয়ে স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

শুক্রবার সকাল ১১টায় সদরপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য মারাত্মক হুমকি।

তিনি অভিযোগ করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং কৌশলে বিএনপি নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছেন। মিথ্যা হামলার অভিযোগ, কালো টাকার অপব্যবহার, অবৈধ অস্ত্রের মহড়া এবং আওয়ামী লীগ দোসরদের সঙ্গে আঁতাত করে ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনকে ‘সাদা’ করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

বিএনপি প্রার্থী আরও বলেন, নির্বাচন শুরুর পর থেকে এ আসনে কোনো ধরনের হামলা, সহিংসতা, হুমকি বা রক্তপাতের ঘটনা ঘটেনি। অথচ গত ১ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এবং তার কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন। বাস্তবে এখন পর্যন্ত তার কোনো কর্মীর গায়ে নখের আঁচরও পড়েনি।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগিতায় মুজাহিদ বেগ কালো টাকা ব্যবহার করছেন। তিনি পর্দার আড়ালে থেকে নিক্সন চৌধুরীর সঙ্গে নিয়মিত ভিডিও কনফারেন্স করে রাতের আঁধারে ভোটারদের বাড়ি বাড়ি অর্থ পৌঁছে দিচ্ছেন বলেও দাবি করেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই মুজাহিদ বেগ এ নির্বাচনকে ‘ইতিহাসের নিকৃষ্ট নির্বাচন’ হিসেবে আখ্যা দিচ্ছেন। এ ধরনের মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডা থেকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কালো টাকার অপব্যবহার, অবৈধ অস্ত্রের মহড়া বন্ধ এবং মিথ্যা প্রচারণা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির সভাপতি কাজী বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব আ. কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, ওবায়দুল বারী দীপু খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ। এ সময় প্রায় দেড় শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শুক্রবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে আমার জনপ্রিয়তা দেখে বিএনপি প্রার্থীর মাথা ঠিক নেই। সে কারণেই তিনি আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪