ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনেই বড় জয় পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে জেলা প্রশাসন কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার জেলার তিনটি আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মোট ভোটার সংখ্যা ছিল ১২ লাখ ৫ হাজার ৫১৭ জন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৬৭ ভোট। এ ছাড়া এই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদিমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৫১ ভোট। এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঠাকুরগাঁও-2 আসনেও জয়ের ধারা বজায় রেখেছে বিএনপি। এই আসনে দলটির প্রার্থী ডা. আব্দুস সালাম ১ লাখ ২১ হাজার ১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল হাকিম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট।
এদিকে ঠাকুরগাঁও-৩ আসনেও বড় জয় পেয়েছেন বিএনপির প্রার্থী জাহিদুর রহমান জাহিদ। তিনি ১ লাখ ৩২ হাজার ৭৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর মিজানুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৯৩৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা জানান, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে নিয়ম মেনেই বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন