স্টাফ রিপোর্টার: তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে গবেষণা ও উন্নয়নমূলক প্ল্যাটফর্ম সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে) ২০২৬-২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক হাসান জাকির, এবং সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পেয়েছেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার সাইফুল আহমাদ সাইফ।
নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালবেলার অনলাইন এডিটর এম মিজানুর রহমান সোহেল। অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
পরিচালক (সাংগঠনিক): রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার শাওন সোলায়মান
পরিচালক (অর্থ): ইত্তেফাকের স্টাফ রিপোর্টার হামিদুর রহমান
পরিচালক (গবেষণা ও উন্নয়ন): যমুনা টিভির গবেষক জাহিদুল ইসলাম আশা
পরিচালক (প্রচার ও প্রকাশনা): টেকজুম ডট টিভির চিফ রিপোর্টার মিরাজুল ইসলাম জীবন
পরিচালক: দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রধান প্রতিবেদক আব্বাস উদ্দিন নয়ন
পরিচালক: মাছরাঙা টিভির প্রতিবেদক ওমর ফাহিয়ান হামিম
সংগঠনটির উপদেষ্টা প্যানেলে রয়েছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের (বিআইজিএফ) মহাসচিব আব্দুল হক অনু, প্রথম আলোর নিউ মিডিয়া ইনিশিয়েটিভ ইনচার্জ পল্লব মোহাইমেন এবং দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল।
সিটিজের সভাপতি হাসান জাকির বলেন, মূলধারার তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ সাংবাদিকতার পাশাপাশি আমাদের প্ল্যাটফর্মে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ একাডেমিশিয়ানরাও যুক্ত রয়েছেন। আমরা আশা করি, নতুন কমিটি সাংবাদিকতা ও প্রযুক্তি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সেক্রেটারি জেনারেল সাইফুল আহমাদ সাইফ বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে অপার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে যুগোপযোগী নীতিনির্ধারণ, গবেষণা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রয়োজন। চলতি সেশনে সিটিজে নীতি গবেষণা ও সংলাপের ওপর বিশেষ গুরুত্ব দেবে।
রিপোর্টার্স২৪/বাবি