| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী নেতা জেলে

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১৭:৩৫:৩২:অপরাহ্ন  |  ৪১৩১৯৬ বার পঠিত
বিএনপি নেতার বাড়িতে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী নেতা জেলে

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিএনপি নেতার বাসায় হামলার ঘটনায় দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসান জিহাদীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের রাজারহাট আমলি আদালতের বিচারক মো. মমতাজুল করিম এ আদেশ দেন। হাসান জিহাদী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের বাসিন্দা রাজিকুল ইসলামের ছেলে।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি রাতে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী এলাকায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শহিদুল ইসলামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। 

অভিযোগে বলা হয়েছে, হাসান জিহাদী ও তাঁর সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করেন এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেন। পরে শহিদুল ইসলাম রাজারহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসান জিহাদীর সমর্থকেরা। তাঁদের দাবি, গত সপ্তাহে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এতে এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন। এ বিষয়ে হাসান জিহাদী আপত্তি জানালে শহিদুল ইসলাম ও তাঁর লোকজন তাঁর ওপর হামলা চালান।

ঘটনাটি ভিন্ন খাতে নিতে নিজেদের বাড়ির আসবাবপত্র এলোমেলো করে তাঁদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে বলে দাবি করেন তাঁরা।

 রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে শহিদুল ইসলাম বাদী হয়ে হাসান জিহাদীসহ প্রায় ১৫ জনকে আসামি করে মামলা করেন। রোববার হাসান জিহাদী আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪