| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্যাসিনো জুয়ায় ঋণগ্রস্ত হয়ে ঠাকুরগাঁওয়ে যুবকের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৩:৩৩:৪৭:অপরাহ্ন  |  ৪০৮৬২১ বার পঠিত
ক্যাসিনো জুয়ায় ঋণগ্রস্ত হয়ে ঠাকুরগাঁওয়ে যুবকের আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অনলাইন ক্যাসিনোতে আসক্ত হয়ে ঋণের বোঝা সইতে না পেরে বিপ্লব চন্দ্র রায় (৩৬) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত সোমবার দিবাগত রাতে সদর থানার পূর্ব জামুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব চন্দ্র রায় ওই এলাকার মৃত শৈলেন চন্দ্র রায়ের ছেলে। তিনি বাড়ির পাশেই একটি ছোট মুদি দোকান পরিচালনা করতেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে থেকে বিপ্লব মোবাইল ফোনে অনলাইন ক্যাসিনো খেলায় আসক্ত হয়ে পড়েন। এই জুয়ার নেশায় পড়ে তিনি বিপুল পরিমাণ টাকা লোকসান করেন এবং ক্রমান্বয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং মাঝেমধ্যে আত্মহত্যার কথা বলতেন।

নিহতের স্ত্রী বিথী রানী জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বিপ্লব ঘরে ফেরেন। তবে তিনি রাতের খাবার না খেয়েই পাশের ঘরে ঘুমাতে যান। পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১১টা বেজে গেলেও তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা খুলে দেখা যায়, বিপ্লব তার স্ত্রীর ওড়না দিয়ে ঘরের তীরের (সর) সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন।

সংবাদ পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বিথী রানী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে বিষয়টি ঋণজনিত কারণে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের ৯ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪