ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় বসতবাড়ির বৈদ্যুতিক মিটারের তার চুরির ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার শাহাপাড়া এলাকায় মইনুল মেম্বারের বাড়ির পাশে একটি বসতবাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার দিবাগত রাতে বাড়ির বাসিন্দা তালা দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ভোর প্রায় ৩টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখেন, তাঁর বাসায় বিদ্যুৎ নেই, অথচ আশপাশের বাড়িতে বিদ্যুৎ রয়েছে। বাইরে গিয়ে দেখতে পান, বাড়ির বৈদ্যুতিক মিটারের প্রায় ৩০০ ফুট তার চুরি হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার টাকা।
এ সময় তিনি ‘চোর, চোর’ বলে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আল আমিন (৩৪) ও আব্দুল মালেক (৩৫) নামে দুইজনকে আটক করে। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজন—সোহেল (৩০), আলাল (৩২) ও সারোয়ার (৩৫)—এই চুরির সঙ্গে জড়িত বলে জানা যায়। তবে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুইজনকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন মো. জিল্লুর রহমান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “বৈদ্যুতিক তার চুরির ঘটনায় মামলা রুজু হয়েছে। আটক দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
রিপোর্টার্স২৪/এসএন