ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর থানা পুলিশ শহরের শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোছা. হুমায়রা বেগম (১৯), মো. সজীব ইসলাম (২৫) ও মো. আনোয়ার ইসলাম (২৮)। তারা সবাই ঠাকুরগাঁও শহরের নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ৬২ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের মোট ওজন ১৬ দশমিক ৭৪ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৮ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে এসআই মো. হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু