স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গ্রাম পুলিশ নিয়োগের বাছাই পরীক্ষায় শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে না পারায় ৩৮ জন প্রার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। ফলে সকল প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। পরীক্ষা বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট, তেঁতুলিয়া, শালবাহান ও দেবনগর ইউনিয়নের পাঁচটি মহল্লাদার পদে এই নিয়োগ কার্যক্রম শুরু হয়। ৩৮ জন প্রার্থী শারীরিক যোগ্যতা যাচাই শেষে মেধা যাচাইয়ের অংশ হিসেবে জাতীয় সংগীত লিখার জন্য সময় পান ১৫ মিনিট। তবে কেউই নির্ধারিত সময়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত লিখতে পারেননি। এজন্য নিয়োগ কমিটি নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারেনি।
নিয়োগ বাছাই কমিটিতে উপস্থিত ছিলেন: তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম , এলজিইডি’র উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিয়োগ কমিটির সভাপতি আফ্রোজ শাহীন খসরু বলেন, শারীরিক যোগ্যতা যাচাই শেষে দেখা গেছে, কোনো প্রার্থী জাতীয় সংগীতটি সঠিকভাবে লিখতে পারেননি। চাকরিতে নিয়োগের জন্য সাধারণ জ্ঞান এবং দেশপ্রেমের প্রাথমিক ধারণা থাকা অপরিহার্য।
রিপোর্টার্স২৪/এসসি