নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল ৪০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। এঘটনায় সদর উপজেলার সুবর্ণখুলী গ্রামের মো. আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার, নীলফামারীর নির্দেশক্রমে এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল নীলফামারী থানাধীন সংগলশী ইউনিয়নের কাজিরহাট বাজারে আরিফা টেলিকম নামক স্থানে অভিযান চালায়। অভিযানকালে মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
তল্লাশির সময় তার দোকান থেকে ২০টি সচল এন্ড্রয়েড মোবাইল ফোন এবং ২০টি অকেজো মোবাইল ফোনসহ মোট ৪০টি চোরাই এন্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করছিল এবং বিভিন্নভাবে বাজারে বিক্রি করত।
পুলিশ আরও জানায়, মোঃ আলমগীর হোসেনের বিরুদ্ধে নীলফামারী থানায় এফআইআর নং-২৪, তারিখ-২৬/০২/২০২৬ খ্রিঃ, জিআর নং-৬৭/২৬, ধারা ৪১৩/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়েছে। আইনানুগভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে যাতে চোরাই পণ্যের অবাধ বাণিজ্য বন্ধ করা যায় এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। স্থানীয়রা এই অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয় ভূমিকা প্রশংসা করেছেন।
রিপোর্টার্স২৪/বাবি