| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১০:৪৪:৫২:পূর্বাহ্ন  |  ৩৭৫১৯০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত: মির্জা ফখরুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে।

রোববার (১ মার্চ) সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, হাসপাতালটি পরিদর্শনকালে কর্মকর্তাদের উপস্থিতিতে সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে। হাসপাতালটি পরিচ্ছন্ন রয়েছে উল্লেখ করে তিনি জানান, এটিকে আরও উন্নত করার বিষয়ে ভাবা হচ্ছে।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মেডিকেল কলেজ চালু হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আমরা আশা করছি। বর্তমানে ২৫০ শয্যার হাসপাতালটিকে ভবিষ্যতে ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যাতে জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, হাসপাতালের সুপারকে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় চাহিদা জানাতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে সেগুলো পর্যায়ক্রমে পূরণের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে অতিরিক্ত একটি লিফট স্থাপনের কথাও জানান তিনি।

সিভিল সার্জন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সীমিত সম্পদের মধ্যেও জেলার স্বাস্থ্যব্যবস্থা উন্নত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়েও নজর দেওয়া হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের সরকারে আসার মাত্র দুই সপ্তাহ হয়েছে। অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪