ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ট্রাক্টরের এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলী মোড় এলাকায় মহাসড়কে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিজুল উদ্দিন (৩২) মোটরসাইকেলে শ্বশুরবাড়ি শিমুলতলী থেকে নিজ বাড়ি সালন্দর শিংপাড়ায় ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তাঁর স্বজন আব্দুল সামাদ আলী (৬৪)।
এ সময় ঠাকুরগাঁওগামী একটি সোনালিকা ট্রাক্টর দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রফিজুল উদ্দিন সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একই সঙ্গে ট্রাক্টরে থাকা শ্রমিক হাসান আলী (৩৫) ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল সামাদ আলীও জখম হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে ৩টার দিকে রফিজুল উদ্দিনকে এবং হাসান আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল সামাদ আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের স্বজন মো. রাসেল ইসলাম জানান, ট্রাক্টরটির চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ হেফাজতে নেয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের স্বজন রাসেল ইসলাম
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। ট্রাক্টরের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রিপোর্টার্স২৪/মিতু