| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন ৩ লাখ যাত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০২, ২০২৬ ইং | ১১:৪৭:২৪:পূর্বাহ্ন  |  ১৩৩১১০৮ বার পঠিত
মধ্যপ্রাচ্যে বাতিল ৩৪০০ ফ্লাইট, আটকে পড়েছেন ৩ লাখ যাত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টা হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য। সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চলে আকাশসীমা বন্ধ রয়েছে এবং সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে করে আনুমানিক তিন লাখ যাত্রী অঞ্চলজুড়ে আটকে পড়েছেন। দুবাই, আবুধাবি ও দোহার মতো প্রধান বিমানবন্দরগুলো কার্যক্রম স্থগিত করায় এর প্রভাব ছড়িয়ে পড়েছে বৈশ্বিক বিমান চলাচলের ওপরও।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় ৩ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। চলমান সংঘাতের জেরে অঞ্চলজুড়ে আনুমানিক তিন লাখ মানুষ আটকা পড়েছেন। যুক্তরাজ্য তাদের নাগরিকদের সরিয়ে নিতে সহায়তার জন্য দল পাঠাচ্ছে বলে জানা গেছে।

ফ্লাইট-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, সংঘাতের প্রথম কয়েক দিনেই ৩ হাজার ৪০০ টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, শারজাহ, আবুধাবি এবং দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ এই অঞ্চলের বড় বিমানবন্দরগুলো সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করেছে। সংঘাতের জেরে মোট ছয় বা সাতটি প্রধান বিমানবন্দর বন্ধ রয়েছে।

এদিকে এই অঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা এখনও বন্ধ থাকায় এর প্রভাব বৈশ্বিক বিমান চলাচলেও পড়েছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও অন্যান্য অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনে মধ্যপ্রাচ্যের এসব বিমানবন্দর গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। ফলে এগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে একের পর এক বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আবুধাবিতে আটকে পড়া যাত্রীদের অসংখ্য পোস্ট দেখা যাচ্ছে। যাত্রীরা জানিয়েছেন, নতুন করে টিকিট বুকিং, হোটেল ভাউচার সংগ্রহ বা সহায়তা পাওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

অনেকে টার্মিনালের ভেতরেই রাত কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকা এবং সংঘাত অব্যাহত থাকলে হাজার হাজার যাত্রী অনিশ্চয়তার মধ্যেই পড়ে থাকবেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪