| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই ব্যাংকসহ ১০ প্রতিষ্ঠান পুড়ে ছাই

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৩, ২০২৬ ইং | ০৯:৩১:৪৪:পূর্বাহ্ন  |  ৩৫৮৫২৪ বার পঠিত
সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই ব্যাংকসহ ১০ প্রতিষ্ঠান পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি: সৈয়দপুর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ছয়তলা ভবনে থাকা দুটি ব্যাংকের শাখাসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে। সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে শহীদ ডা. জিকরুল হক সড়কে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত পাশের আলতাফ টাওয়ার নামের বহুতল ভবনে ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ভবনের পাশে ঝালাইয়ের কাজ চলছিল এবং সেখান থেকে উড়ে যাওয়া আগুনের ফুলকি তুলার গোডাউনে পড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন ছড়িয়ে পড়ে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ঢাকা ব্যাংক এবং তৃতীয় তলায় থাকা ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক-এ। ঢাকা ব্যাংকের ভল্ট অক্ষত থাকলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানা গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর চারটি স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। ব্যবসায়ী ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে বিপুল মানুষের সমাগম ঘটে।

ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের উপপরিচালক আনোয়ারুল হক জানান, আশপাশে পর্যাপ্ত পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতিহা তাকলিমা বলেন, অপরিকল্পিতভাবে নির্মিত ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ক্ষয়ক্ষতি বেড়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪