ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও শহরের টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেটসহ মো. জাকির হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকালে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৯টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টিকাপাড়া মহল্লায় ইব্রাহিম (বাবলু) সাহেবের একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি বিশেষ টিম। সেখানে তল্লাশি চালিয়ে ৬৯০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
গ্রেপ্তার জাকির হোসেন ঠাকুরগাঁও পৌরসভার ইসলামবাগ নিশ্চিন্তপুর এলাকার মৃত আ. রহমানের ছেলে। তিনি বর্তমানে টিকাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শাকিলার রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জাকির হোসেনের ভাড়া বাসায় অভিযান চালাই। তল্লাশির সময় সোফার নিচে টিস্যু ব্যাগে লুকানো অবস্থায় ৬৯ পাতা টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে তাকে গ্রেপ্তার করা হয়।”
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন