| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৩:৫৩:৫২:অপরাহ্ন  |  ১২৭২০৯৮ বার পঠিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ

রাজবাড়ী প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করবে ১৬টি ফেরি ও ২০টি লঞ্চ।

রবিবার (০৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি, লঞ্চসহ জলযান চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

এসময় বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা জানান, ঈদকে সামনে রেখে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। এ বিষয়ে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া যাত্রী ও যানবাহন পারাপারের জন্য দৌলতদিয়া প্রান্তে ৩, ৪ ও ৭ নম্বর- এই তিনটি ফেরি ঘাট চালু থাকবে।

ঘাট এলাকায় যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা এবং চাঁদাবাজি, দালাল চক্র, ছিনতাইকারী, মলমপার্টি ও যাত্রী হয়রানি রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পোশাকধারী ও সাদা পোশাকে জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, ভাড়ার চার্ট ও টিকিট কাউন্টারের তালিকা প্রদর্শন এবং অবৈধ যানবাহন চলাচল রোধে ঘাট এলাকায় সার্বক্ষণিক মনিটরিং করবেন প্রশাসনের কর্মকর্তারা।

অন্যদিকে ঘাট এলাকায় আলোকসজ্জা, অস্থায়ী টয়লেট, মাতৃদুগ্ধ কেন্দ্রসহ সুপেয় পানি ও ইফতারের ব্যবস্থাও রাখা হবে।

রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন-অর-রশিদ।

এছাড়া সভায় রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, সড়ক বিভাগ, লঞ্চ মালিক সমিতিসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪