ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. আবু সাঈদ (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০মার্চ) দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ডাঙ্গী বাজার সংলগ্ন স্মৃতিসৌধের পেছন থেকে তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন মো. সাদেক আলী (৩৮) নামে অপর এক সহযোগী।
জানা গেছে, বালিয়াডাঙ্গী থানার এসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড় সংলগ্ন স্মৃতিসৌধের পেছনে পৌঁছালে পুলিশের পোশাক দেখে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে আবু সাঈদকে আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় মো. সাদেক আলী।
সাঈদের দেহ তল্লাশি করে ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার হেফাজত থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ৩২০ টাকা জব্দ করে পুলিশ।
বালিয়াডাঙ্গী থানার এসআই মো. আলমগীর হোসেন জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি উভয়েই এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু