ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পুলিশের অভিযানে ইয়াবাসহ মো. রাসেল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পৌরসভাধীন মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মাতৃগাঁও গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিরস্ত্র) মো. বজলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযানে নামে। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তর মাতৃগাঁও এলাকার জনৈক মাহফুজের মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর এক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পালানোর চেষ্টাকালে মো. রাসেলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ হাজার ৭০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাসেল উত্তর মাতৃগাঁও এলাকার মো. শহিদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে সে কক্সবাজার ও গাজীপুর থেকে ইয়াবা এনে ঠাকুরগাঁওসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. বজলুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন