ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. ময়নুল হক (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের বীরগড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ময়নুল হক জেলার পীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাকুড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে হরিপুর থানার এসআই (নিঃ) মো. রাজেকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বীরগড় এলাকায় হরিপুর-রাণীশংকৈলগামী পাকা রাস্তার পাশে মাদক বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ময়নুল হককে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
হরিপুর থানার এসআই মো. রাজেকুল ইসলাম বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/সাইফ