ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. সুজন আলী (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের মোহনচন্ডী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী থানার এসআই মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি পালন করছিল। বিকেল পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বালিয়া বাজার সংলগ্ন মোহনচন্ডী এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা কেনাবেচা করছে।
খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে সুজন আলীকে আটক করা সম্ভব হলেও তার সহযোগী আনিস ওরফে ফরিদ (২৩) কৌশলে পালিয়ে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে আটক সুজনের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি জিপার ব্যাগে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুজন স্বীকার করেছেন যে, তিনি ও পলাতক আনিস দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। তারা মূলত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় যুবসমাজের কাছে বিক্রি করতেন।
বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বলেন, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ আদালতে পাঠানো হবে এবং পলাতক আনিসকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/মিতু