কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় সরকারি চাল অবৈধভাবে মজুদের অভিযোগে তিনটি গুদামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার বলদিয়া ইউনিয়নের কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রায় ১০০ গজ দূরে অবস্থিত কাশেম বাজারের কয়েকটি গুদামে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুদ রাখা হচ্ছিল—এমন অভিযোগের ভিত্তিতে স্থানীয় জনতা সন্দেহভাজন গুদামগুলোতে অভিযান চালায়। এ সময় তারা বিপুল পরিমাণ চালের বস্তা দেখতে পেয়ে তা আটক করে এবং সঙ্গে সঙ্গে কচাকাটা থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) নেতৃত্বাধীন টহল দল ঘটনাস্থলে গিয়ে গুদামগুলোর তালা ভেঙে তল্লাশি চালায়। এ সময় তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি অথবা ভিজিডি/ভিজিএফের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চালের প্রকৃত উৎস, মালিকানা এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন বলেন, “সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
কচাকাটা থানার ওসি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত চালের সঠিক পরিমাণ নির্ধারণ ও তালিকা প্রস্তুতের কাজ চলছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি চাল অবৈধভাবে মজুদ ও পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব