| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি চাল জব্দ, ব্যবসায়ীরা পলাতক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১১:৩৮:৫৭:পূর্বাহ্ন  |  ২৩৬০৬২ বার পঠিত
কুড়িগ্রামে ৩ গুদাম থেকে সরকারি চাল জব্দ, ব্যবসায়ীরা পলাতক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে সরকারি চাল মজুদের অভিযোগে তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চাল জব্দ করেছে পুলিশ।১৮ ই মার্চ বুধবার সন্ধ্যায় ভুরুঙ্গামারী  উপজেলার কাশেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

একাধিক বিশ্বস্ত  সূত্রে জানা যায়, বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রায় ১০০ গজ দূরে কাশেম বাজারে কয়েকটি গুদামে দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে মজুদ রাখা হচ্ছে।

এমন অভিযোগে স্থানীয় জনতা সন্দেহজনকভাবে গুদামগুলোতে অভিযান চালায়। এ সময় তারা বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পেয়ে তা আটক করে এবং তাৎক্ষণিকভাবে কচাকাটা থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীরা গা ঢাকা দেয়। পরে ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন, কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সঙ্গীয় টহল দল ঘটনাস্থলে পৌঁছে গুদামগুলোর তালা ভেঙে অভিযান চালায়। এ সময় তিনটি গুদাম থেকে বিপুল পরিমাণ চালের বস্তা জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত চালগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি বা ভিজিডি/ভিজিএফ-এর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে চালের উৎস, প্রকৃত মালিকানা এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভুরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুনতাসীর মামুন মুন বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গুদামগুলোতে অভিযান চালিয়ে চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কচাকাটা থানার ওসি জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত চালের সঠিক পরিমাণ গণনা ও তালিকা প্রস্তুত করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি চাল অবৈধভাবে মজুদ ও পাচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম অনেকাংশে কমে আসবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪